মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
শুভেচ্ছা বক্তৃতা, নাচ, গান, খেলাধুলা, আর র্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হল দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। মূলত এটি দোহার উপজেলা সমিতির বনভোজন হলেও ঢাকার জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন।
বনভোজন চলাকালীণ বিভিন্ন সময়ে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরুল আজিম, তারেক হাসান খান, আহসান হাবিব, তোফায়েল আহমেদসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন আহবায়ক শাহিনুর রহমান বিপ্লব, প্রধান পৃষ্ঠপোষক আছিয়া আক্তার এবং সদস্য সচিব রবিউল আলম।
আনুষ্ঠানিক উদ্বোধনের পরই সবার মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। বাহারী বাঙ্গালী খাবারে তৃপ্তির ঢেঁকুর তোলেন সকলে।দুপুরের খাবারের বিরতির পর ছিল দিনের আকর্ষণীয় ইভেন্ট মেয়েদের পিলু পাসিং। ছিল আবাহনী-মোহামেডানে বিভক্ত হয়ে দুই দলের ফুটবল খেলা। আর ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা। খেলা পরিচালনা করেন বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুক রহমান।
খেলা শেষে নিউইয়র্কের স্বনামধন্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন উপস্থিত সবাই। ফাঁকে ফাঁকে খেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা।
এছাড়া দোহার উপজেলা সমিতির নেতৃবৃন্দসহ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় সবার মাঝে বৈকালিক নাস্তা পরিবেশন করা হয়। শিশুদের হাতে তুলে দেওয়া হয় চিপস। ছিল চায়ের ব্যবস্থা।
সবশেষে ছিল বনভোজনের সেরা ইভেন্ট র্যাফেল ড্র। এতে স্বর্ণের সেটসহ ১০টি পুরস্কার প্রদান করা হয়। আনন্দ, উচ্ছ্বাস, চিৎকার, চেঁচামেচিতে এই পর্ব ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
বলা যায়, দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক্’র বনভোজন ছিল পরিপূর্ণ বিনোদনের একটি অসাধারণ দিন-যা উপস্থিত সবার মনে থাকবে বহুদিন।
সবশেষে বনভোজনে উপস্থিত হয়ে দিনটিকে আনন্দময় করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক’র সভাপতি দুলাল বেহেদু। এ সময় সুন্দর আগামীর প্রত্যাশায় তিনি বনভোজনের সকল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।