মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ জয় করেছে বাংলাদেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজ নিজের ঘরেই রেখেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় নেপালকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে এই সিরিজের আয়োজন করে।
বাংলাদেশ দল তাদের প্রধান কোচ জেইমি ডে কে ছাড়াই দ্বিতীয় ম্যাচ খেলতে নামে। কারণ বাংলাদেশ কোচ করোনায় আক্রান্ত। তার জায়গায় দায়িত্ব পালন করেন সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
খেলার প্রথমার্ধ ছিল একেবারেই সাদামাটা। দু দলই তাদের রক্ষণ ধরে খেলে। তারপরও সুমন রেজা দুটি সুযোগ নষ্ট না করলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। নেপাল পাল্টা আক্রমন করলেও তেমন ধার ছিলনা।
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন বাংলাদেশের খেলার গতি বাড়ায়। বিশেষ করে আগের ম্যাচের গোলদাতা মাহবুবুর রহমান সুফিল আজও বার বার নেপালের রক্ষণভাগে ত্রাস ছড়ান। কিন্তু গোল আদায় করতে পারেননি। তবে খেলার অন্তিম মুহুর্তে নেপালের নবযুগ শ্রেষ্ঠার শট গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে। ফলে গোল না হওয়ায় সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মাহবুবুর রহমান সুফিল।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক ।