রবিবার, ২২ নভেম্বর, ২০২০
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ। সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান অ্যাডিমরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা বিদেশে তাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছে।
রাষ্ট্রপতি করোনা কালীন সশস্ত্র বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ সে সময় উপস্থিত ছিলেন।
শিবলী জুবায়ের ,ঢাকা।