শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাঁকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে। নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদার সন্ধান চলছে বলেও কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও গতকাল জামিলের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
উল্লেখ্য,নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধারের খবর জানার পর গোটা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।