রবিবার, ১৪ জুন, ২০২৬
প্রথম ম্যাচে ভাল খেলতে পারেনি ব্রাজিল। তবে প্রথমে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেলেসাওরা।
বিশ্বকাপে ১৯৩৪ সালে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরেছিল ব্রাজিল। এরপর বাকি সব আসর খেললেও প্রথম ম্যাচে হারেনি দেশটি। এবার মরক্কো বিপক্ষেও হার এড়াল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মরক্কের হয়ে গোল করেছেন ইসমায়েল সাইবারি, ব্রাজিলের গোলটি আসে ভিনিসিয়াসের পা থেকে।
ম্যাচের শুরুর দিকে মরক্কো চড়াও হয়ে খেলেছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে বেশ। ২১ মিনিটে পায় জালের দেখা। ব্রাহিম দিয়াজের বাড়ানো বল পেয়ে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। তবে ভিনিসিয়াস জাদুতে ম্যাচে ফেরে।
৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতায় ফেরে ব্রাজিল। বিরতির পর অবশ্য মরক্কোকে কিছুটা চেপে রাখে ব্রাজিল। একাধিক সুযোগ তৈরি করলেও জালে পাঠাতে পারেননি। একই দশা ছিল মরক্কোরও। তবে শেষ অবধি ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। শিরোপা প্রত্যাশী ব্রাজিল পরবর্তী খেলাগুলোতে কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়। বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।