শনিবার, ২০ জুন, ২০২৬
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের দল লেবার পার্টির ভেতর থেকেই তীব্র নেতৃত্ব সংকটের মুখে পড়েছেন। দলটির ১০০ জনেরও বেশি এমপি তার পদত্যাগ দাবি করেছেন বলে জানা গেছে।
তবে কিয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। এই পরিস্থিতির সূত্রপাত হয় উত্তর ইংল্যান্ডে একটি উপনির্বাচনে লেবার মেয়র অ্যান্ডি বার্নহামের বড় ব্যবধানে জয়ের পর। এরপর থেকেই দলের ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে।
লেবার এমপি ফ্যাবিয়ান হ্যামিল্টন বলেন, প্রধানমন্ত্রীকে এখনই পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করা উচিত এবং অ্যান্ডি বার্নহামকে নেতৃত্বের সুযোগ দেওয়া প্রয়োজন। এছাড়া দলের ‘রেড ওয়াল গ্রুপ’-এর চেয়ারম্যান জো হোয়াইট এবং অ্যান্ডি বার্নহামের ঘনিষ্ঠ লুক চার্টার্সও স্টারমারের পদত্যাগের পক্ষে অবস্থান নিয়েছেন।
দলের ভেতরে পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারসহ আরও কয়েকজন মন্ত্রীও নেতৃত্বে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ চাপ লেবার পার্টির নেতৃত্ব ও যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।