রবিবার, ২৭ জুন, ২০২১
বিশিষ্ট কমিউনিটি এ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজের সহধর্মিনী শিল্পী রানো নেওয়াজের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। শো টাইম মিউজিক এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।
এ সময় শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসে বাংলা গানকে সবার মাঝে তুলে ধরতে রানো নেওয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকে শিল্পী রানো নেওয়াজের পরিবেশনা যদি আপনাদের ন্যূনতম বিনোদন দেয় তাহলে আমরা সেখানেই এই আয়োজনের স্বার্থকতা খুঁজে পাব।
নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল আহসানের প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে শিল্পী রানো নেওয়াজ তাঁর একের পর এক পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। মাঝে উপস্থাপক বুলবুল আহসান শিল্পীর জীবন ও কর্ম তুলে ধরেন উপস্থিত সকলের কাছে। বিরতি দিয়ে শিল্পী দর্শকদের অনুরোধের গানগুলোও পরিবেশন করেন।
শিল্পীর সুরেলা কণ্ঠের সঙ্গে দর্শকদের গলা মিলানো অডিটরিয়ামে এক অন্যরকম আবহের তৈরি করে। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলার।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।