নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন তথা ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ ।
করোনাকালীন এই বনভোজনে মাস্কপড়া বাধ্যতামুলক আর উপস্থিতি ৫০ জনের নীচে রাখা হয়। সামারের শেষলগ্নে আয়োজিত বনভোজনে আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে নিজেরাই রান্না করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তারই ধারাবাহিকতায় আস্ত একটি খাসী, ভাত , ডাল আর পায়েস রান্নায় নেমে পড়েন ক্লাব সদস্যরা। চমৎকার আবহাওয়ায় দিন শুরু হয় তরমুজ পরিবেশনের মধ্য দিয়ে। কিছুটা শীতল বাতাসে নিজেদের তৈরী গরম চা লুফে নেন আগতরা। সেই সঙ্গে চিকেন আর হটডগের জন্য ছিলে লম্বা লাইন। রান্না শেষে ক্লাবের কার্যকরি পরিষদের সদস্যদের তত্বাবধানে বেলা দুটোয় পরিবেশন করা হয় দুপুরের খাবার।
এরপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ইউএসএ এর সম্পাদক লাভলু আনসার। তিনি পৃষ্ঠপোষক, ক্লাব সদস্য ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের জন্য এক মিনিট হাততালি দেওয়া হয়।উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার চ্যানেল আইয়ের নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভিরমহাপরিচালক মীর শিবলী, সহ-সভাপতি ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, যুগ্ম-সম্পাদক ও এবি টিভি’র সিইও রিজু মোহাম্মদ, কোষাধক্ষ , বাংলাদেশ প্রতিদিন ইউএসএ’র স্টাফ করসপন্ডেন্ট আবুল কাশেম, প্রচার সম্পাদক , চ্যানেল আই অনলাইনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শাহ ফারুক, কার্যকরি সদস্য, ভয়েস অব বাংলার সম্পাদক সিব্বির আহমেদ, কার্যকরি সদস্য ও নারী ম্যাগাজিনের প্রকাশক তপন চৌধুরী। ছিলো আকর্ষনীয় রেফেল ড্র। এতে ২০টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।