সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এবার দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে রোববার ভোরে এক ভয়াবহ বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।
লুইজিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শ্রীভেপোর্টে এ ঘটনা ঘটে। শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।
বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।
এই হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। বোর্ডেলন এ ঘটনাকে ‘পারিবারিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস, এসব স্থানে ওই ব্যক্তি একাই গুলি করেছেন।’
শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীভেপোর্টের জন্য এটি একটি ভয়াবহ সকাল। আমরা সবাই ভুক্তভোগীদের জন্য শোকাহত।’ বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।