শুক্রবার, ২২ জুলাই, ২০২২
নাচ, গান, উল্লাস আর হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র মেলা। এ সময় ছোট, বড় সব বয়েসি মানুষের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের ৩৭ রোড়ের ৭৫ থেকে ৭৭ স্ট্রীট যেন এক মিনি বাংলাদেশে পরিণত হয়।
বেলা ১২টায় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেবিবিএ নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর চলে লাগাতার গান। গানের ফাঁকে ফাঁকে চলে ধন্যবাদ জ্ঞাপন ও জেবিবিএ’র পক্ষ থেকে সম্মাননা প্রদান। আর এতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২৪ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন, কাউন্সিলওম্যান জেসিকা গন্জালেস ও স্টেট এসেম্বলিম্যান জেনিফার রাজকুমারের প্রতিনিধিসহ কমিউনিটি নেতারা। এ সময় জ্যাকসন হাইটসের ৩৭ রোডকে লিটল বাংলাদেশ ঘোষণা করেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন। আর এতে উচ্ছাসে ফেটে পড়েন হাংলাদেশি আমেরিকানরা। মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও অর্জনে খুব খুশী জেবিবিএ মেলা উদযাপন পরিষদের আহবায়ক মনসুর চৌধুরী ও সদস্য সচিব বাবু খান। তারা বলেন, আমরা আরও ভাল অনুষ্ঠান আয়োজনে সচেষ্ট হব। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জেবিবিএ’র উপদেষ্টা পরিষদের সদস্য, পরিচালকবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
দিনব্যাপী মেলায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, হক এন্ড সন্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক,বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী,কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম,বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, আহসান হাবিব, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ অনেকে।
দিনব্যাপী মেলায় সঙ্গীত পরিবেশন করেন এসআই টুটুল, রিজিয়া পারভীন, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী,কামরুজ্জামান বকুল, রোকসানা মির্জা, ত্রিনিয়া হাসান, আফতাব জনি,আমানত হোসেন আমানসহ অনেকে। বিশেষ করে সন্ধ্যায় এসআই টুটুল ও রিজিয়া পারভীনের পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এ সময় মেলা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা ছিলনা।
শেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে ৫০০০, ২০০০ ও ১০০০ ডলারের ক্যাশ পুরস্কারসহ মোট ১০টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ৫০০০ ডলার ক্যাশ পেয়েছেন হিরা খান।
জেবিবিএ আয়োজিত এই মেলার প্রতিটি ক্ষণ প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলম নমি, অভিনেত্রী রিচি সোলায়মান ও সোনিয়া।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।