বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
করোনার পর সর্বাধিক লেখক, প্রকাশক আর পাঠকের সমাবেশ ঘটানোর প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ৪ দিনের নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২২। বুধবার বিকেলে জ্যামাইকা এভিনিউ’র জ্যামাইকা পারফর্মিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, জ্ঞান পিপাসু সকল বয়েসি ও শ্রেণী-পেশার মানুষের এক মিলনমেলা তৈরি করবে এই বইমেলা।
বিশ্বজিৎ সাহার সন্চালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক, গবেষক ড. নূরন নবী, বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভূঁইয়া, বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হকসহ অনেকে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার বসবে জ্যামাইকা এভিনিউ’র ১৫৩ স্ট্রীটের জ্যামাইকা পারফর্মিং সেন্টারে। আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত। রোববার মেলা চলবে দুপুর ১২টা থেকে ১১টা পর্যন্ত।
অন্যদিকে শনিবার মেলা বসবে জ্যামাইকা এভিনিউ’র ১৬১ স্ট্রীটের জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্ণিং-এ। এখানে বইমেলা দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
বলা যায়, বৃহস্পতি থেকে রোববার উত্তর আমেরিকার বই অনুরাগী মানুষের পদভারে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।