তবে আরো দু'টি মামলায় জামিন না পাওয়ায় এখনই মুক্তি মিলছে না ফখরুলের।
গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যে ১১টি মামলা দায়ের করা হয় এর সবগুলোতে আসামি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন চেয়ে সিএমএম আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। এ মামলায় পুলিশ ফখরুলকে গ্রেফতার না দেখানোর কারণে আদালত শুনানি গ্রহণ করেননি। বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হলে হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহনের নির্দেশ দেন।
গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমই আদালতে আনা হয়। জামিনের জন্য যুক্তি তর্ক হয়।
বুধবার বেলা একটার দিকে ফখরুলের জামিনের বিষয়ে আবারো শুনানী হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করে বলেন, নেপথ্যে থেকে উস্কানি দিয়ে দেশে সংঘাত তৈরি করেছেন ফখরুল।
ফখরুলের আইনজীবীরা আদালতকে বলেন, ফখরুল একজন প্রবীন আইনজীবী এবং তার বয়স ৭৬ বছর, বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। হয়রানি করার জন্যই এসব মামলা। যুক্তি পাল্টা যুক্তি শেষে আদালত ৯ মামলাতে ফখরুলের জামিনের আদেশ দেন।
১১টি মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া মামলায় ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট। আর পল্টন থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামিন আবেদন সিএমএম আদালতে একবার না মঞ্জুর হয়েছে। আবারো সিএমএম আদালতে এই মামলায় জামিনের জন্য আবেদন করবেন ফখরুলের আইনজীবীরা।
ঢাকা প্রতিনিধি, বিডিইয়র্ক।