সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। গতকাল রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মধ্যেই তাঁকে কাজ করতে হয়েছিল।
জিমি কার্টার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারেননি। তিনি প্রেসিডেন্ট রিগ্যানের কাছে পরাজিত হয়েছিলেন।তবে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে এক্সট্রা অর্ডিনারী প্রেসিডেন্ট ও নেতা বলে আখ্যা দেন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে তাঁর কাজ বিশ্ববাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, জিমি কার্টার ৪ সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর স্ত্রী রোসালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।