রবিবার, ২৫ মে, ২০২৫
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করেন তারা।
‘সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ’ যুক্তরাষ্ট্র শাখার আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সবুর, পরিচালনা করেন মাকসুদ চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন ‘আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স’-এর চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ ।
তিনি বলেন, “ইশরাককে মেয়র হিসেবে অধিষ্ঠিত করলে নগরবাসীর বিরাজমান সমস্যার সমাধানের পথ সুগম হবে। কিন্তু কোন কোন উপদেষ্টা এটা চাচ্ছেন না। আর এভাবে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। ”
গিয়াস আহমেদ অভিযোগ করেন, “ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে বর্তমান প্রশাসন আদালতের রায় উপেক্ষা করছে যা খুবই দু:খজনক।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেশাররফ হোসেন সবুজ, জসিম উদ্দিন ভূঁইয়া, এমএ বাতিন, ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গীর সরোয়ার্দী, রিয়াজ মাহমুদ, নাসিম আহমেদ, মোতাহার হোসেন ও ইখতিয়ার আহমেদ।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।