রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
নাটোরের কৃতি সন্তান, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে। গত শুক্রবার রাতে নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের সর্বস্তরের সাধারণ মানুষ।
নাটোর জেলা এসোসিয়েশন’র সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন।
এ সময় নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নাটোরবাসীর সমর্থন চান এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আমি তিনবারের এমপি। পরের চারটি নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে করতে দেয়া হয়নি। প্রতিটি নির্বাচনের সময় আমি জেলে ছিলাম। আমার জায়গায় আমার স্ত্রীকে নির্বাচন করতে হয়েছে। নাটোরের মানুষের ভালবাসার উপর আস্থা রেখে আমি বলতে চাই, সবকটি নির্বাচনে অংশ নিতে পারলে আমি হতাম সাতবারের নির্বাচিত এমপি।
নাটোরের জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আপনারা প্রবাসী ও দেশে যারা আছেন সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ৫ আগস্ট যে পরিবর্তন এসেছে সবাই মিলে তা ধরে রাখতে হবে।
নাটোরবাসীকে উদ্দেশ্য করে এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস সিপিএ রফিকুল ইসলাম জগলু, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মুনির,এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র বন্ধু ফিরোজ জোহা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাকের উদ্দিন, নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র প্রধান উপদেষ্টা আকবর আলী, উপদেষ্টা মোতাহার হোসেন,উপদেষ্টা মোজাফর হোসেন, নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রম বিশেষ করে তাঁদের মানবিক কাজগুলো তুলে ধরেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ ও নাটোরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন।
সমাপনী বক্তৃতায় নাটোর জেলা এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান অতিথিবৃন্দকে। অল্প সময়ের নোটিশে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটোর জেলাবাসীর প্রতি।
সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।