রোববার ভোররাত থেকেই যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি স্টেটে ভারী তুষারপাত অব্যাহত আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক আকার ধারণ করছে।
আর এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। এ পর্যন্ত ওয়াশিংটনসহ দেশটির ১৮টি স্টেটে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
১১ টি স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তুতি চলছে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১১ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। হাইওয়েগুলোতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ঘটছে দুর্ঘটনাও। ভারী তুষারপাত বিকালে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ভারী তুষারপাতে নিউইয়র্কে স্বাভাবিক জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী প্রতিটি নাগরিকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই তুষারপাত দীর্ঘ মেয়াদী শৈত্য প্রবাহ নিয়ে আসতে পারে। তুষারপাতের এই সময় প্রত্যেক গৃহহীন মানুষ যাতে সেবার আওতার বাইরে না থাকে সেজন্য জরুরী ফোন নম্বর চালু করা হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের সকল জনবল তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। মেয়র বলেন, বিপর্যয় মোকাবেলায় সম্ভব সব কিছু করা হবে।