মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
নতুন সরকার গঠনের পরপরই নিজের পেশাগত জীবনে ফিরে যাওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তিনি আবারও নিরিবিলি জীবনে ফিরতে চান। একই সঙ্গে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবাইকে তাকে ভুলে যেতে অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন, “আমি আগে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। আমার ভুলত্রুটি থাকতেই পারে, সেজন্য ক্ষমা করবেন। তবে একটি শেষ অনুরোধ—আমাকে দয়া করে ভুলে যাবেন। ” তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্ন ও অনুসন্ধানের মাধ্যমে তাকে জবাবদিহির মধ্যে রাখা হয়েছে, যা তার কাজের গতি বাড়িয়েছে এবং ভুলগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি করেছে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সরকারে যোগ দেওয়ার সময় তার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তবে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন। “আল্লাহর রহমতে সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি,” বলেন তিনি। প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করে শেখ বশিরউদ্দীন জানান, তার দিকনির্দেশনা ও সহযোগিতায় দায়িত্ব পালন করা সহজ হয়েছে। কোনো বিষয়ে পরামর্শ বা নির্দেশনার প্রয়োজন হলে তিনি সবসময় আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে সহায়তা পেয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “যত কিছু সম্ভব হয়েছে, তা প্রধান উপদেষ্টার নির্দেশনায়ই হয়েছে। আমরা যখনই কোনো বিষয়ে গাইডেন্স চেয়েছি, তিনি অসম্ভব দরদ ও বুদ্ধিমত্তা দিয়ে আমাদের পথ দেখিয়েছেন।” সংবাদ সম্মেলনের শেষ দিকে শেখ বশিরউদ্দীন বলেন, “ইনশাআল্লাহ্ নতুন সরকার গঠনের পর সঙ্গে সঙ্গেই আমি আমার কর্মজীবনে ফিরে যাবো। আশা করি, আপনারা আমাকে ক্ষমা করবেন এবং ভুলে যাবেন। এটি আমার শেষ অনুরোধ।”
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।