বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশবাসীর প্রতি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন। ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সিইসি। পাশাপাশি জুলাই গণ- অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। তিনি বলেন, আত্মত্যাগের বিনিময়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক উপাদান। তাই সংঘাত এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। সংশ্লিষ্ট সকলকে ফলাফল মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।