বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর (ইউএনআরসি) কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
জাতিসংঘ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে, বিশেষত অনলাইন পরিসরে, সহিংসতা ও হয়রানির বিষয়ে নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগ তাদের নজরে রয়েছে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ জনজীবনে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে জাতিসংঘ দীর্ঘদিন ধরে কাজ করছে এবং নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। নারীসহ সকল ভোটার যাতে ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই ভোটার ও প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।
জাতিসংঘ রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন বরদাশত করা যাবে না। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে। এ লক্ষ্যে জাতিসংঘ সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।