শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। একই সঙ্গে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে তাদের ‘ঐতিহাসিক বিজয়’-এর জন্য অভিনন্দন জানানো হয়।
মার্কিন দূতাবাস আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয় পোস্টে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের কার্যকর সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে এই বার্তায়।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ সুগম করেছে। নির্বাচনের পর আন্তর্জাতিক মহল থেকে আসা প্রতিক্রিয়াগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এই বার্তা বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।