শনিবার, ০২ মে, ২০২৬
নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামীলীগকে নিষিদ্ধ করেছিলেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইন করে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করে।
ড. ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত এই বিএনপি সরকারকে অসাংবিধানিক সরকার উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, বিনা বিচারে সাবেক মন্ত্রী, এমপিসহ আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দি আছেন।
তাদের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছেন। অনেকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকে বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নেই বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি। তাই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র দ্রুত পদক্ষেপ কামনা করেন ড. সিদ্দিকুর রহমান।
৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমরা বাংলাদেশি আমেরিকান। যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট থেকে আমরা এখানে স্টেট ডিপার্টমেন্টের সামনে সমবেত হয়েছি। আমরা আশা করি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত দিক নির্দেশনায় বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করতে পারবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি ডাঃ মাসুদুল হাসান, সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাবান মাহমুদ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক দেওয়ান কামরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান,সাধারন সম্পাদক শাহীন আজমল,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ মোহাম্মদ হামিদ, ভার্জিনিয়া আওয়ামী লীগ সভাপতি জি আই রাসেল, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী,মাহমুদুর রহমান,এডভোকেট আব্দুর রকিব মন্টু,ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ,হৃদয় মিয়া, ব্রঙ্কস আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমূখ।
স্টেট ডিপার্টমেন্টের সামনে নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগান দেন এবং আওয়ামীলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবী জানান। প্রতিটি সংগঠনের ব্যানারে মিছিল করেন নেতা-কর্মীরা এবং ওই এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় স্টেট ডিপার্টমেন্ট এলাকা মিছিলে মিছিলে প্রকম্পিত হয়। পরে ড.সিদ্দিকুর রহমান ও আব্দুস সামাদ আজাদ স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। সমাবেশে শেষে সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।