মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
গত কয়েক সপ্তাহ ধরেই দলের ভেতরে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল। বিশেষ করে ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নাম তাকে চ্যালেঞ্জ জানানোর পর স্টারমারের অবস্থান নড়বড়ে হয়ে যায়। সম্প্রতি অ্যান্ডি বার্নাম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
১০ ডাউনিং স্ট্রিটে বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, দেশের স্বার্থকে তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন। দল এখন নতুন নেতৃত্ব চায় এবং তিনি তা সানন্দে মেনে নিচ্ছেন। বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। মাত্র দুই বছরেরও কম সময় আগে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল স্টারমারের লেবার পার্টি। কিন্তু সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়ায় তার ওপর চাপ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সহকর্মীদের অনাস্থা ও রাজনৈতিক পরিস্থিতির চাপে তিনি পদ ছাড়তে বাধ্য হলেন।
এখন ব্রিটেনের পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।