যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহে স্ত্রীসহ চার স্বজনকে গুলি করে হত্যা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
.
মার্কিন মুলুকে গুলি করে হত্যা করা হয়েছে চারজনকে। মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয় নাগরিকও।
আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক। এদিকে বাকি নিহতরা মার্কিন নাগরিক হলেও তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। ঘটনায় অভিযুক্তও একজন ভারতীয় বংশোদ্ভূত। ঘটনাটি ঘটেছে আটলান্টার লরেন্সভিলের গুইনেট কাউন্টিতে। এই ঘটনায় সন্দেহভাজন হলেন ৫১ বছর বয়সি বিজয় কুমার। বিজয়ের স্ত্রী ৪৩ বছর বয়সি মিমু ডোগরার মৃত্যু হয়েছে এই ঘটনায়। তিনি ছাড়াও নিহতরা হলেন গৌরভ কুমার, নিধি চন্দ্র এবং হরিশ চন্দ্র।
পুলিশ জানিয়েছে, স্বামী ও স্ত্রীর মধ্যে তর্ক থেকেই এই গুলিকাণ্ড। গুইনেট কাউন্টি পুলিশের মতে, বিজয় কুমার এবং তাঁর স্ত্রী মিমু ডোগরা আটলান্টার বাসিন্দা ছিলেন এবং তাঁদের ১২ বছর বয়সি সন্তানকে নিয়ে ব্রুক আইভি কোর্টে তাদের আত্মীয় গৌরভ, নিধি এবং হরিশের বাড়িতে গিয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে, আত্মীয়দের বাড়িতে যাওয়ার আগেই এই দম্পতির নিজেদের বাড়িতে তর্ক হয়েছিল। খুনের ঘটনার পরে পুলিশকে খবর দিয়েছিল বিজয়ের সন্তান। পরে ঘটনাস্থলে এসে পুলিশ তিন শিশুকে আলমারির ভিতরে লুকিয়ে থাকতে দেখে।
আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি। কনস্যুলেটের তরফ থেকে বলা হয়েছে, 'পারিবারিক কলহের জেরে একটি মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই ঘটনায় নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও ছিলেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারকে সম্ভাব্য সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে।' এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে এই ঘটনা পারিবারিক কলহের জেরে ঘটেছে বলেই মনে করা হচ্ছে। বিজয় কুমারের বিরুদ্ধে খুন, মারধর এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।