রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে প্রাণ হারালেন এক মার্কিন নাগরিক।
শনিবার (২৪ জানুয়ারি) মিনেসোটার মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা গুলি চালিয়ে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক আলেক্স প্রেটিকে হত্যা করেছে।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, প্রেটি একটি বন্দুক নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে এসেছিলেন এবং আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, প্রেটির হাতে বন্দুক ছিল না। তিনি মোবাইল ফোন হাতে নিয়ে অন্য বিক্ষোভকারীদের সাহায্য করার চেষ্টা করছিলেন।
ভিডিওতে দেখা যায়, প্রেটি অন্যদের সাহায্য করার সময় এজেন্টদের মুখোমুখি হন। এজেন্টরা তাকে হ্যান্ডকাফ ও পেপার স্প্রে ব্যবহার করে নিয়ন্ত্রণ করেন। পরে একজন এজেন্ট প্রেটির পিঠের দিকে গুলি চালান, এরপর আরও কয়েকটি শট ফায়ার করা হয়।
ঘটনার পর শত শত মানুষ বিক্ষোভে যোগ দেন। পুলিশ ও স্টেট ট্রুপারদের নিয়ন্ত্রণে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করছিলেন।
এদিকে, সহিংসতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় নেতাদের অভিযুক্ত করেছেন ‘বিক্ষোভকারীদের উস্কানি দেয়ার’ জন্য। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স অভিযোগ করেছেন স্থানীয় পুলিশ আইসিই এজেন্টদের সহায়তা করছেন না।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।