সোমবার, ২৩ মার্চ, ২০২৬
বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে রোববার গভীর রাতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার কানাডা এক্সপ্রেসের একজন পাইলট এবং একজন কো-পাইলট নিহত হয়েছেন। অবতরণের সময় রানওয়েতে একটি অগ্নিনির্বাপক ট্রাকের সাথে বিমানটির সংঘর্ষ ঘটলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এনবিসি নিউজ (NBC News) জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও ডজনখানেক আরোহী আহত হয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, যে ফায়ার ট্রাকটির সাথে সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ সদস্যরা পরিচালনা করছিলেন। এর আগে জানানো হয়েছিল যে, একজন সার্জেন্ট এবং একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ (CRJ-900) মডেলের এই বিমানটি জ্যাজ অ্যাভিয়েশন (Jazz Aviation) দ্বারা পরিচালিত হচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি মন্ট্রিয়ল থেকে ৭২ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য নিয়ে আসছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার২৪' (Flightradar24)-এর তথ্যমতে, রাত ১১টা ৩৭ মিনিটে বিমানটি প্রায় ২৪ মাইল প্রতি ঘণ্টা গতিতে ট্রাকটিকে আঘাত করে।
রয়টার্সের ধারণ করা ছবিতে দেখা গেছে, বিমানের সামনের অংশ (Nose) ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি ওপরের দিকে হেলে আছে। পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানিয়েছে, অগ্নিনির্বাপক গাড়িটি বিমানবন্দরের অন্য একটি ঘটনার প্রেক্ষিতে সাড়া দিতে যাওয়ার সময় রানওয়ে-৪ এ বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, সোমবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।