বুধবার, ০৬ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।
এদিকে বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একইসঙ্গে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিহত লিমনের রুমমেটকে গ্রেফতার করার পর জানা যায় লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।