সোমবার, ২৭ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
হামলার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। উৎসবে বিপুলসংখ্যক দর্শনার্থী ও স্থানীয় বিক্রেতা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হামলার পর প্রাণ বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন।
ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবাকর্মী এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলার উদ্দেশ্যও নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে ঘটনার পর সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।