নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের জন্য লড়বেন দুই প্রার্থী। এর মধ্যে যিনি ২৭০ টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে পারবেন তিনিই হবেন পরবর্তী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। করোনা মহামারীর এই সময়ে অনুষ্ঠিত এই নির্বাচন নানা কারণে আলোচিত। এক সময়ের টেলিভিশন উপস্থাপক, ব্যবসায়ীকাম বিলিয়নার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের বিতর্কিত কর্মকান্ড যেমন মহামারী করোনাকে অবজ্ঞা করা- আর এর ফলে ২লাখ ৩৬ হাজার আমেরিকান নাগরিকের মৃত্যু, ৯০ লাখ মানুষের করোনায় আক্রান্ত হওয়া, চাকরিহারা মানুষের জন্য অর্থ বরাদ্দে অনীহা, দেশের মানুষকে দুইভাগে বিভক্ত করা, নারীদের অসম্মান করে কথা বলা, দেশের বাইরে বন্ধু রাষ্টের সঙ্গে সম্পর্ক তলানীতে নিয়ে যাওয়া, যুক্তরাষ্ট্রের মুল্যবোধকে ধ্বংস করারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে সজ্জন হিসেবে জো বাইডেনের পরিচিত, করোনাকালে মানুষের প্রতি দেখানো সহানুভূতি, প্রচারণায় নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা আর যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ফিরিয়ে আনার শ্লোগান ডেমোক্রেট প্রার্থীকে জনপ্রিয় করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া নির্বাচনকালীণ সবকটি জরিপে বাইডেন এগিয়ে। তবে তারা সতর্ক। অন্যদিকে প্রেসিডেন্ট শিবির জরিপকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। কারণ সব জরিপকে মিথ্যা প্রমান করে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সুইং স্টেটগুলো এবারও জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। চলছে চুলচেরা বিশ্লেষণ,চলছে শেষ মুহুর্তের প্রচারণা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতির ধারাকে অব্যাহত রাখতে তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পের মত অস্বাভাবিক ব্যক্তির হাতে যুক্তরাষ্ট্র নিরাপদ নয়। যুক্তরাষ্ট্রের মুল্যবোধ ফিরিয়ে আনতে তাঁকেই ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। তবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।
শাহ ফারুক রহমান,নিউইয়র্ক।