বুধবার, ২৫ জুন, ২০২৫
নিউইয়র্ক সিটির ডেমোক্রেট প্রাইমারিতে সবাইকে চমকে দিয়েছেন তরুন ডেমোক্রেট নেতা জোহরান মানদানি। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাট প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোকে হারিয়ে অভাবনীয় জয় পেয়েছেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি।
২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর রাজনৈতিকভাবে ফিরতে চেয়েছিলেন অ্যান্ড্রু কুমো। তবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর এবার এক মুসলিম বামপন্থী তরুণের কাছে হার মানতে বাধ্য হলেন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় কুমো (৬৭) বলেন, ‘মামদানি—৩৩ বছর বয়সী ডেমোক্র্যাট সমাজতন্ত্রী—আজকের প্রাইমারিতে জয় পেয়েছে। আমরা ফলাফল পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেব। ’
বক্তৃতায় কুমো আরও বলেন, ‘আজ তার (জোহরান মামদানি) রাত। ’ নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন মামদানি।
অতি উদারপন্থী শহর হিসেবে পরিচিত নিউইয়র্কে সাধারণত ডেমোক্র্যাট প্রার্থীই জয়ী হন। ফলে এই প্রাইমারির ফলাফলই আগামী নভেম্বরে মেয়র নির্বাচনে কে জিতবেন, তা নির্ধারণ করে দিতে পারে।
গতকাল মঙ্গলবার রাতে প্রাথমিক বাছাইয়ের ফলাফলে দেখা গেছে, মামদানি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সরাসরি জেতার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি।
তবু হেরে যাওয়া নিয়ে কুমোর ওই আগাম স্বীকারোক্তি অনেককে চমকে দিয়েছে। কারণ, নিউইয়র্কে র্যাংকড চয়েস পদ্ধতিতে ভোট গণনা আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এ পদ্ধতিতে ভোটাররা তাঁদের পছন্দের পাঁচ প্রার্থীকে অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নিতে পারেন।
নিউইয়র্কের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটিকে সবচেয়ে বড় অঘটন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক কৌশলবিদ ট্রিপ ইয়াং। তাঁর ভাষায়, ‘মামদানির জয় দেখিয়ে দিল, ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে, তখন নিউইয়র্কের ডেমোক্র্যাটরা এমন নেতৃত্ব চান, যাঁরা সাহস ও স্পষ্ট বার্তা নিয়ে এগিয়ে আসতে পারেন।’
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কুমো বলেছেন, নভেম্বরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এখনো ভাবছেন।
ডেমোক্রেট প্রাইমারিতে মামদানির জয়ের পর নিউইয়র্কের মুসলিম কমিউনিটি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যায়। সবাই আশা করছেন, নভেম্বরের নির্বাচনে তিনি জয়লাভ করে বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসাবে আবির্ভূত হবেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।