শনিবার, ২৮ জুন, ২০২৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন। এই হামলায় আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন সেনাসদস্য ও ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানান, `একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে, এতে ছয় শিশু আহত হয়েছে।
পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটির সঙ্গে সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।