মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫
>> বেলুন উড়িয়ে, কেক কেটে এবং শ্লোগানে শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবার। এতে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীবৃন্দ, যুক্তরাষ্ট্র যুবদল,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল, যুক্তরাষ্ট্র ছাত্রদল, যুক্তরাষ্ট্র জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী পরিবারের নেতা জসিম উদ্দীন।
এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দীন বলেন, এই সরকার আওয়ামী ফ্যাসিস্টদের বিচার না করলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে তাদের বিচার করবে।
এ সময় অনুষ্ঠানের অন্যতম আয়োজক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর আশা প্রকাশ করেন, বর্তমান প্রধান উপদেষ্টার অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে।
এ সময় বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ বলেন, যতদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন আমরা রাজপথে থাকব।
বিএনপি নেতা রিয়াজ মাহমুদ এবং ফলকুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মনজুর চৌধুরী, গিয়াস উদ্দিন ,সৈয়দা মাহমুদা শিরিন, সাইদুল খান ডিউক, শহীদুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম,যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সুরুজ্জামান, নূর আলম, আলমগীর হোসেন, ওমর সানী, সোহেল আহমেদ, মোঃ কবির হোসেন প্রমুখ।
তবে অধিকাংশ নেতাকর্মীই অনতিবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ড’র প্রতি আহবান জানান।
পরে কেক কেটে শ্লোগানে শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয় গোটা অডিটোরিয়াম। পরে নেতাকর্মীরা একে অন্যের মুখে কেক তুলে দেন। সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।