রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রাইমারিতে জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন মুসলমান জোহরান মামদানি। তাঁর এ পরিচয়ের জন্য অনেক ক্ষেত্রেই তিনি নানা জনের নানা কথায় আক্রান্ত হয়েছেন।
আর এরই ধারাবাহিকতায় এবার জোহরান মামদানি নিউ ইয়র্কের মুসলিমদের উদ্দেশ্যে একটি আবেঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন। গত ২৫ অক্টোবর নিজের এক্সে দেয়া ভিডিও বার্তায় মামদনি বলেন, নিউ ইয়র্কে দশ লক্ষের বেশি মুসলিম মানুষের মর্যাদা এখনও শর্তসাপেক্ষ এবং তাদের অনেককে এখনও পরিচয় লুকিয়ে রাখার জন্য চাপের মধ্যে থাকতে হয়।
তিনি বলেন, ‘প্রত্যেক মুসলিমের স্বপ্ন হলো অন্য যেকোনো নিউ ইয়র্কবাসীর মতোই স্বাভাবিকভাবে জীবন যাপন করা। কিন্তু বহুদিন ধরে আমাদের বলা হয়, কম আশা করতে, ঘৃণা ও গোঁড়ামি সহ্য করতে। এখন আর তা হবে না।’
মামদানি তার বার্তায় বলেছেন, মুসলমানদের শেখানো হতো যে তারা যেকোনো সীমিত সুযোগ পেলেও যেন চুপ থাকে এবং কৃতজ্ঞ থাকে। এমনকি সন্দেহ ও অপমানের মুখোমুখি হলেও তা সহ্য করতে বলা হয়। তিনি জানান, যখন তিনি রাজনীতিতে প্রথম প্রবেশ করেছিলেন সেসময় একজন অভিজ্ঞ নেতা তাকে ধর্মীয় বিশ্বাস লুকিয়ে রাখতে পরামর্শ দেন। এই সতর্কতা বহু দশক ধরে চলা বৈষম্যের কারণে তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
সর্বশেষ বক্তৃতায় মামদানি এই পরামর্শ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, তিনি আর লুকিয়ে থাকার রাজনীতি গ্রহণ করবেন না।
এর আগে ২৪শে অক্টোবর ব্রঙ্কস মসজিদের বাইরে মুসলিম নিউ ইয়র্কবাসীদের এক সমাবেশে তিনি বর্ণনা করেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর তার আন্টি কীভাবে পাতাল রেলে চড়া এড়িয়ে চলেন কারণ তিনি হিজাব পরে অনিরাপদ বোধ করতেন।
জোহরান মামদানির এই বার্তায় কিছুটা নড়েচড়ে বসেছেন অনেক মুসলিম ভোটার, কেউ কেউ আবার আবেগতাড়িত ও হয়েছেন। অন্যদিকে অনেকে বলেছেন, নানা ধর্মের মানুষের এই সিটিতে ধর্মীয় আবেগ তুলে ধরাটা ঠিক হয়নি। তবে ৪ নভেম্বর প্রমাণ হবে কোনটা ঠিক আর কোনটা ঠিক ছিলনা। নির্বাচনে তরুন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মানদানির সঙ্গে অভিজ্ঞ স্বতন্ত্র প্রার্থী এন্ড্রু কুমোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার থেকে নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে আগাম ভোটগ্রহণ চলছে। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটি কর্পোরেশন নির্বাচন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।