৪ নভেম্বর বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটি কর্পোরেশন নির্বাচন। এতে জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি দুই ডিজিটে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
মেরিস্ট ইউনিভার্সিটির সবশেষ জরিপ অনুযায়ী, মামদানিকে সমর্থন করছেন শতকরা ৪৮ ভাগ মানুষ, এন্ড্রু কূমোকে সমর্থন করছেন শতকরা ৩২ ভাগ মানুষ এবং কার্টিস শ্লিওয়াকে সমর্থন করছেন শতকরা ১৬ ভাগ মানুষ।
অন্যদিকে, কুইনিপিয়াক ইউনিভার্সিটি বুধবার প্রকাশিত জরিপে দেখা যায়, মামদানি পেয়েছেন ৪৩ শতাংশ সমর্থন, কুমো ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ১৪ শতাংশ। বাকি ৬ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন। গত ৯ অক্টোবরের জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ, অর্থাৎ ব্যবধান কমেছে।
এই জরিপের সহকারী পরিচালক মেরি স্নো বলেন, “প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন, আগাম ভোটও শুরু হয়েছে। মামদানি ১০ বা এর চেয়ে অধিক পয়েন্টে এগিয়ে থাকলেও অনিশ্চিত ভোটারের সংখ্যা বেড়েছে, যা শেষ মুহূর্তে ফলাফল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ”
এর আগে সাফল্ক ইউনিভার্সিটি বোস্টন পরিচালিত জরিপেও মামদানি কুমোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে এক মাস আগেও ব্যবধান ছিল ২০ পয়েন্ট।
জরিপে অংশ নেওয়া ভোটাররা জানিয়েছেন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ দমন, সাশ্রয়ী আবাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা। জরিপে ৯১১ জন ভোটার অংশ নেন।
অন্যদিকে, আগাম ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেক কেন্দ্রে ভোট দিতে ৫০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথম চার দিনেই প্রায় ৩ লাখ ভোটার ভোট দিয়েছেন, যা ২০২১ সালের মেয়র নির্বাচনের আগাম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান উপেক্ষা করে কার্টিস স্লিওয়া বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি না… এমনকি যদি একটি ট্রাক আমাকে ধাক্কা দেয়, তবুও আমি ব্যালটে থাকব।”
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর এন্ড্রু কূমো বলেছেন, কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে এগিয়ে নেওয়া।
কুইনিপিয়াক জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে কুমো সামান্য এগিয়ে আছেন — ৪৫ শতাংশ বনাম ৪৪ শতাংশ।
এদিকে জরিপের ফলকে আশাব্যঞ্জক উল্লেখ করে জোহরান মামদানি বলেছেন,এ ধরণের ফল উৎসাহ বাড়িয়ে দেয়।