সোমবার, ২৫ মে, ২০২৬
৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় বাংলা সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেয়েছেন বিশিষ্ট ঔপন্যাসিক, গবেষক ও সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা আবদুন নূর। ২৪ মে (রবিবার) বৃষ্টিস্নাত সন্ধ্যায় বইমেলার মূলমঞ্চে এক বর্ণাঢ্য আয়োজনে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও তিন হাজার মার্কিন ডলারের চেক তুলে দেন বইমেলার আহ্বায়ক নজরুল ইসলাম এবং নিউ জার্সিভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান জিএফবি গ্রুপ-এর চেয়ারপার্সন গোলাম ফারুক ভূইয়া।
আয়োজকরা জানান, বাংলা সাহিত্য, গবেষণা, প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি হিসেবে কয়েক বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘পেগাসাস’, ‘শূন্যবৃত্ত’, ‘বিচলিত সময়’, ‘ঢাকা শহর ঘিরে’ এবং ‘চার দেয়াল’। বিশেষ করে ব্রিটিশ আমলে চুক্তিবদ্ধ শ্রমিক বা ‘ইন্ডেনচার্ড লেবার’ প্রথার ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বাঙালিদের সামাজিক-সাংস্কৃতিক জীবন নিয়ে তার গবেষণা ও সাহিত্যকর্ম পাঠকমহলে বিশেষভাবে আলোচিত। গত বছর একই বইমেলায় তাকে ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয়েছিল। এবারের বইমেলায় ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি তাঁদের স্মরণ করেন যাদের অনুপ্রেরণায় তিনি তাঁর লেখনী অব্যাহত রাখতে পেরেছেন। তিনি বইমেলার আয়োজকদেরও ধন্যবাদ জানান।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।