শনিবার, ২৮ জুন, ২০২৫
প্রয়োজনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফের বোমা হামলা চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ভবিষ্যতে উদ্বেগজনক গোয়েন্দা প্রতিবেদন আসলে তিনি দেশটিতে বোমা হামলার কথা বিবেচনা করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই, নিঃসন্দেহে, এটা হবে অবিশ্বাস্য। ’
ট্রাম্প আরও দাবি করেন, গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি মনে করেন না, ইরান শিগগিরিই আবার পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারবে।
তার প্রশাসন এই হামলার সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’- ট্রাম্পের এই দাবির সমর্থনে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এখনও প্রকাশ করতে পারেনি।
উল্লেখ্য, টানা ১২ দিনের ইরান -ইসরাইল যুদ্ধের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানও কাতার এবং ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।