সকল ষড়যন্ত্র ভেদ করে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র বিজয় নিশ্চিত করব : শাম্মী আক্তার
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
.
নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই একটি মহল ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র বিজয় নিশ্চিত করব।
গত রোববার নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য, বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এসব কথা বলেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে শাম্মী আক্তার আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছিলেন-আগামী নির্বাচনে আমাদেরকে একটি অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হবে।
আজ সেটি দৃশ্যমান উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, তাদের মুখোশ আজ উন্মোচিত।
শাম্মী আক্তার বলেন, যারা পিআর চায়, যারা দেখছে জনগণ তাদের ভোট দেবেনা তারাই আজ বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি মিডফোর্ডের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন। তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা একাত্তরে বেঈমানী করেছেন, ২৪শেও বেঈমানী করেছেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিএনপি ১৮০টির মত আসন পেয়ে সরকার গঠন করবে।
এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মতবিনিময় সভার প্রধান বক্তা গিয়াস আহমেদ বলেন, যখন বাকশাল গঠন করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।
মতবিনিময় সভায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন,শাম্মী আক্তার বিএনপি’র পরিক্ষিত নেত্রী। দলের দু:সময়ে তাঁর ভূমিকা আমাদের মনে আছে। দল তাঁকে মূল্যায়ন করবে-সেটাই আশা করছি।
এ সময় মতবিনিময় সভার সভাপতি নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কোন ধরনের কটূক্তির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অনেক সহ্য করেছি, ভবিষ্যতে আর বরদাস্ত করা হবেনা।
নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা বদরুল আজাদের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভিপি জসিম, গোলাম ফারুক শাহীন, মোশাররফ হোসেন সবুজ, এমএ বাসেত, রইস উদ্দিন, আনোয়ারুল ইসলাম, আল আমিন সুমন, এম এ জাহাঙ্গীর প্রমুখ।
মতবিনিময় সভায় বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী উপস্থিত ছিলেন।সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।