সাবেক গভর্নর ও নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী এন্ড্রু কূমো বলেছেন, আমার কাছে সব ধর্মের মানুষই সমান। সবার ঐক্যই নিউইয়র্ক সিটির শক্তি, বিভাজন নয়।
তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি নয়।
গতকাল শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নির্বাচনী প্রচারণায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক গভর্নর এন্ড্রু কূমো।
ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে উদ্দেশ্য করে কূমো বলেন, অনেকেই বক্তৃতায় পটু, কিন্তু দক্ষতা নাই। আমি কাজে বিশ্বাসী, কাজ দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে চাই।
সাবেক গভর্নর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এন্ড্রু কূমো বলেন, নিউইয়র্ক সিটি বিনির্মাণে সব সম্প্রদায়ের মানুষের অবদান আছে। নির্বাচিত হলে তিনি সবার জন্য নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিত করতে চান।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির সঙ্গে একই দলের সাবেক গভর্নর এন্ড্রু কূমো স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। বিভিন্ন জরিপে জোহরান মামদানি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও নির্বাচনর দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই প্রার্থীর ব্যবধান কমে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, শেষ পর্যন্ত নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই নির্বাচনকে অনেকেই দেখছেন তারুন্যের সঙ্গে অভিজ্ঞতার লড়াই হিসাবে।